স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভা চলাকালে আকস্মিক উপস্থিত হন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় তিনি চিকিৎসা নেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক এক সভা চলাকালে আকস্মিকভাবে উপস্থিত হন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করেই এমপি ড. মিজানুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে সরাসরি সভাকক্ষে যান এবং চলমান সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি এবং চিকিৎসাসেবা প্রদানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং দ্রুত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

পরে সভাকক্ষ থেকে বের হয়ে এমপি ড. মু. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় তিনি সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের পরিবেশ ও সেবার বিষয়ে মতামত নেন।

চিকিৎসাসেবা নেওয়ার পর তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের আস্থা অর্জন করতে হলে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে এমপির আকস্মিক উপস্থিতি ও সাধারণ মানুষের মতো হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন জানান, একজন সংসদ সদস্য নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাসেবা নেওয়ায় সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, এমপি সাহেব নিজে হাসপাতালে এসে সেবার মান পর্যবেক্ষণ করেছেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসেবার বিষয়ে সরাসরি খোঁজখবর নেওয়া অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের সুযোগ তৈরি হবে বলেও তিনি মন্তব্য করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন