২ লাখ টাকা জরিমানা

নকল দুধ তৈরির কারিগরকে এক বছর কারাদণ্ড

নকল দুধ তৈরির কারিগরকে এক বছর কারাদণ্ড
ছবি: আমার দেশ

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারিগর আশরাফুল আলীকে (৪২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে উপজেলার সিংগাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে এই রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওই গ্রামের নুর ইসলামের পুত্র। এ সময় সেখান থেকে নকল দুধ তৈরির উপাদান তিন ড্রাম জেলি ও বিভিন্ন ধরনের কেমিকেলসহ নকল দুধ জব্দ করে তা ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশরাফুল নিজ বাড়িতে সিলিং সেন্টার বসিয়ে দীর্ঘদিন যাবৎ নকল দুধ তৈরি করে আসছিলেন। এসব দুধ তিনি বিভিন্ন কোম্পানির সিলিং সেন্টারে সরবরাহ করতেন। আর এভাবে তিনি নকল দুধ তৈরি করে অল্প দিনের মধ্যেই হয়ে গেছেন লাখ লাখ টাকার মালিক। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার দেশকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই ব্যক্তিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। রাতেই তাকে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন