সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই: দুলু

সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না, মানছে না। দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন।

সোমবার বিকেলে নাটোরের খাজুরা ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দুলু বলেন, দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না। মানুষ এখন সব বোঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সব সংস্কারের উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন নেই।

তিনি বলেন, দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে অন্তবর্তীকালীন সরকার। মানুষের জীবনমান রক্ষার্থে হলেও দ্রুত নির্বাচন দিতে হবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন