রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন চীন সরকারের পাঁচ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল। হাসপাতালের পরিকাঠামো, রোগী পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থার খুঁটিনাটি সরেজমিনে ঘুরে দেখেন তারা।
সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রতিনিধি দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছয়। প্রায় ঘণ্টাখানেক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তারা।
হাসপাতাল সূত্রে জানায়, প্রস্তাবিত এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতেই তাদের এই সফর।
চীনা প্রতিনিধি দলে ছিলেন চিকিৎসা বিশেষজ্ঞ চেন শিউওয়েন, ঝাও ইয়ান্নান, লি হং কুন, লিউ জুন এবং দং লি।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিষেবা ব্যবস্থা, রোগীদের চাপ, শয্যা সংখ্যা, চিকিৎসা সরঞ্জাম এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগও ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যেরা।
এসময় উপস্থিত ছিলেন, ডা. হাবিবুর রহমান, ডা. এস আই এম রাজিউল করিম, ডা. সূচনা মনোহরা এবং ডা. মো. জনাব আলী-মুস্তাফিজ-সহ স্বাস্থ্য দফতরের একাধিক কর্মকর্তা।
জানা গিয়েছে, পুঠিয়া সফরের পাশাপাশি প্রতিনিধি দলটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ে আয়োজিত প্রকল্প সংক্রান্ত বৈঠকেও যোগ দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি পৃথক কর্মসূচিতেও অংশ নেন তারা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

