রাজশাহীতে র‍্যাবের সংবাদ সম্মেলন

পশুরহাটে নিরাপত্তা ও চিকিৎসা সেবা দেওয়া হবে

পশুরহাটে নিরাপত্তা ও চিকিৎসা সেবা দেওয়া হবে

ঈদুল আজহা উপলক্ষে র‍্যাব-৫ এর আওতাধীন ৫ জেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল রোববার রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট সিটি হাটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ পারভেজ।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুরহাটে টোল নিয়ে জোর-জুলুম না করা হয় এসব অপরাধ নিয়ন্ত্রণে বড় বড় হাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। যেখান থেকে হাটে আসা ক্রেতা-বিক্রেতারা গরমে অসুস্থ বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবে। জটিল পরিস্থিতি তৈরি হলে অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

অধিনায়ক মাসুদ পারভেজ আরো বলেন, কন্ট্রোল রুমে ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষা দিতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রাখা হয়েছে। এছাড়াও হাটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি হাটে আসা ক্রেতা-বিক্রেতাসহ সবাই নির্বিঘ্নে ঈদের প্রস্তুতি নিতে পারবেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট ৪৩ লাখ পশু প্রস্তুত করা হয়েছে। যেখানে স্থানীয় চাহিদা ২৬ লাখ। ফলে প্রায় ১৭ লাখ পশু রাজধানী, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অন্যান্য জেলায় পাঠানো হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. অনন্দ কুমার অধিকারী জানান, বিভাগের আট জেলায় এবার ৩০২টি হাট নির্ধারণ করা হয়েছে। এই হাটগুলোর মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী। পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো হাটে উপস্থিত থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী গাভী শনাক্তকরণ এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন