বিএনপির একজন কর্মীও চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দেয়নি, নিজেদের দলীয় কর্মীদের ফুলের মালা পরিয়ে ফটোশেসন করছেন— এমনটাই দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মো.শাহজাহান মিঞা।
রোববার সকালে শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা।
তিনি বলেন, “একটি আদর্শিক দল হলো বিএনপি। ফলে একজন কর্মীরও দলত্যাগ করে জামায়াতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”
শাহজাহান মিঞা বলেন, “বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে গুজব ছড়াতে জামায়াত নানান ষড়যন্ত্র করে আসছে। বরং জামায়াত থেকে অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন, যার অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। তবে বিষয়টি আমরা প্রচারের জন্য ব্যবহার করতে চাই না। বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়েছে— এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব।”
তিনি বলেন, “গুজব শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই রয়েছে । তবে জামায়াতে ইসলামের সমকক্ষ আছে কি না, তা আমার জানা নেই। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” গণসংযোগকালে অধ্যাপক শাহজাহান মিঞা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, স্থানীয় নেতা তৌফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

