নওগাঁয় আম সংগ্রহে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, আম্রপালি, ও ব্যানানা ম্যাঙ্গো এবং আগামী ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি-৪, গৌড়মতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান আছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার শুধু নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা আম বিক্রির সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব ওষুধ মেশানো আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

