বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মো. সিরাজ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে দেশে মেগা প্রকল্প বাস্তবায়ন হবে, তবে কোনো মেগা দুর্নীতি হবে না। মহাসড়কে চাঁদাবাজি চলবে না এবং যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
মঙ্গলবার সকালে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর শেরপুর উপজেলা ও পৌরসভার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া ৫ই আগস্টের পর যারা লুটপাট ও ভাঙচুরে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সাহসের সঙ্গে থানায় মামলা করার আহ্বান জানান।
তিনি বলেন, বিচার দাবি করুন। বিএনপির নীতিনির্ধারকরা অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করবে।
উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, গোলাম মাহবুব প্যারিস, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা শফিকুল আলম তোতা, পিয়ার হোনেন পিয়ার, মাহবুবুল আলম হিরু, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, মোয়াজ্জেম হোসেন, কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান নিলু, সোহানুর রহমান লাবলু, শাহ আরিফ, নিমাই ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুন্ডু, উপজেলা কমিটির আহ্বায়ক বিদ্যুৎ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মন, ডা. তন্ময় বর্মন, পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, চন্দন দাস রিংকু, প্রকাশ কুমার সরকার, ডা. অরুনাংশ মণ্ডল, ডা. অনুপ কুমার ও গোবিন্দ কুমার বাগচী বক্তব্য রাখেন।
বক্তারা শেরপুরে গ্যাস সংযোগ, ফ্লাইওভার নির্মাণ, মন্দির নির্মাণ এবং সনাতন ধর্মাবলম্বীদের বেদখলকৃত ভূমি ফেরতের দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। যুবদল নেতা আইয়ুব আলী মণ্ডল, সাফিউল আলম সবুজ, আসিফসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দিন দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এমপি জিএম সিরাজ। অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি, বগুড়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

