সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের এনায়েতপুরে কাপড় ব্যবসায়ী জাফর প্রামানিক হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার নবাব আলীর ছেলে শাহ আলী ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মঞ্জিল হোসেন।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, মূলত কাপড় বিক্রির টাকা ছিনতাই করার জন্য ব্যবসায়ী জাফর প্রামাণিকে কুপিয়ে আহত করা হয়। কিন্তু ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের জাফর প্রামাণিক একজন কাপড় ব্যবসায়ী। তার তাঁত কারখানা রয়েছে। ২০১১ সালের ৪ নভেম্বর জাফর প্রামাণিক কাপড় নিয়ে বগুড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে ১১টার দিকে জাফর প্রামাণিক সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডের কাঁঠালতলা নামক স্থানে পৌছলে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে জাফর প্রামাণিকের গতিরোধ করে। আসামীরা কার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে জাফরকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। রাতে যমুনা সেতু পশ্চিম থানার টহলরত পুলিশ জাফর প্রামাণিককে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মঞ্জিল হোসেনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে আটক করে পুলিশ। পরে তারা পুলিশের কাছে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন