আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেবল দলের ভোটে নয়, সব মানুষের ভোটে নির্বাচিত হয়েছি

কিশোরগঞ্জ–৬ : সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত বিএনপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ–৬ : সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত বিএনপি প্রার্থী
ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ–৬ (ভৈরব -কুলিয়ারচর) আসনের বিএনপির প্রার্থী শরীফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

বিজ্ঞাপন

ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। মোট ৯ জন প্রার্থীর মধ্যে শরীফুল আলম এই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত করেন।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোট দিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯০ জন। ভোট পড়ার হার ৫৭ দশমিক শূন্য ৩ শতাংশ। প্রায় ১ লাখ ৪৩ হাজারেরও বেশি ভোটের এই ব্যবধান সারাদেশের মধ্যে সর্বোচ্চ হিসেবে আলোচিত হচ্ছে।

এই আসন থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুলিয়ারচরের বেতিয়ারকান্দি প্রধান নির্বাচনী কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি প্রার্থী শরীফুল আলম।

মাদকমুক্ত ভৈরব-কুলিয়ারচর গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, ‘ভৈরব ও কুলিয়ারচরে কোনো মাদক ব্যবসা থাকতে দেব না। যারা এই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত, তারা এখনই এগুলো ছেড়ে দিন। আপনারা সৎ পথে আসুন, আমি আপনাদের কর্মসংস্থানে সহযোগিতা করব।’ অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিপুল ভোটে জয়ী হওয়ার পর স্পষ্টভাবে জানিয়ে দেন– ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি বা কোনো ধরনের জুলুম বরদাশত করা হবে না। মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার ও অহংকার করা আল্লাহ পছন্দ করেন না, আমিও তা পছন্দ করি না। আমি কেবল দলের ভোটে নয়, বরং সব স্তরের মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েছি।

প্রায় ২০ মিনিটের দীর্ঘ বক্তব্যে তিনি নেতাকর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, আমি আমার নেতা তারেক রহমানকে বলেছিলাম ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে পাস করব। আজ আমি দেশের সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছি।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এর আগে অনুষ্ঠিত ৪টি জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন