আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে ৫৬ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে ৫৬ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি প্রিন্ট কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে যায়। মঙ্গলবার ভোরের দিকে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সিরাজুল ইসলাম ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর গাবতলায় প্রতিষ্ঠিত ‘বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানা’য় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত কাপড়, আসবাবপত্র, কম্পিউটার ও মেশিনপত্র পুড়ে যায়।

কারখানা মালিক বাবু মল্লিক জানান, মেশিনে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বলে মনে হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৬ লাখ টাকা হতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় তাঁতী সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন