নাটোরে দুলু

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সাড়ে ১৫ বছর আমাদের দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। গত ৫ আগস্ট হাসিনার অবৈধ সরকারের পতনের পর দেশের মানুষের মতো বিএনপি দ্রুত একটি নির্বাচন চেয়েছিল। সেই ভোট চাওয়ার জন্য অনেকে বিএনপিকে বাজে কথা বলেছে। কিন্তু এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কোনো মিথ্যাচার মেনে নিবে না।

বিজ্ঞাপন

শনিবার দুপুরের শহরের পশ্চিম আলাইপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, একটা দল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনুসের সাথে বৈঠক করা মেনে নিতে পারেনি। অথচ তারেক রহমান বলেছেন নির্বাচনে তারা যত বেশি আসনই পাক না কেন সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন। এরপরও ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। গত সাড়ে ১৫ বছর দিল্লির সহযোগিতায় আওয়ামী লীগ এই দেশ শোষন করেছে। মানুষের কথা বলার অধিকার ছিলো না, ভোট দেয়ার অধিকার ছিলো না। কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা ছিলো না।

দেশের মানুষ এখন ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান দুলু।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহবায়ক বাউল আব্দুল খালেক সরদার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন