সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের ভেতরে সোফা ও চেয়ার টেবিল বসিয়ে সভা করেছেন বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হক।
শনিবার সকালে উপজেলার কোদলা কওমিয়া মাদরাসা জামে মসজিদে এ সভা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সভায় সংসদ সদস্য আয়নুল হক ছাড়াও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তবে উপস্থিত নেতারা দাবি করেছেন, এটি কোনো রাজনৈতিক সভা ছিল না। মসজিদ ও মাদ্রাসার পরিচালনা ব্যয় বাবদ বকেয়া অর্থ পরিশোধ এবং উন্নয়নে সহযোগিতা চেয়ে কর্তৃপক্ষ তাদের আমন্ত্রণ জানিয়েছিল।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, ‘মাদরাসা ও মসজিদ কর্তৃপক্ষের আমন্ত্রণে আমরা সেখানে যাই এবং গিয়ে মসজিদের ভেতরে সোফা বসানো দেখতে পাই। এটি রাজনৈতিক কর্মসূচি না হওয়ায় আমরা তখন আপত্তি করিনি। সেখানে মসজিদ-মাদরাসার উন্নয়ন ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
এদিকে মসজিদের ভেতরে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

