ঈশ্বরদীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো একসময় এই চুরি সংঘটিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন লুসি জানান, সোমবার বিকালে বিদ্যালয় বন্ধ করে তালা মেরে তিনি বাসায় চলে যান। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখেন অফিসকক্ষের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় স্টিলের আলমিরার তালাও ভাঙা। কক্ষের জিনিসপত্র এলোমেলো।
তিনি বলেন, “আলমিরা থেকে দুটি ল্যাপটপসহ বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র ও জিনিসপত্র খোয়া গেছে। ঠিক কী কী নেয়া হয়েছে তা আমরা এখন নিরূপণ করছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি শহরের ব্যস্ত এলাকায় অবস্থিত হলেও রাতে আশপাশ ফাঁকা থাকে। এই সুযোগে চোরেরা চুরি করেছে বলে তাদের ধারণা। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

