রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু

রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আব্দুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছীতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সহকর্মীরা জানান, গত কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। ওই সময়ে আব্দুস সালামকে তীব্র মানসিক দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে সহকর্মী ও স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাখার কর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালে আব্দুস সালাম তাকে বলেছিলেন, আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব। এর পরেই তিনি নিজ হাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের কথা প্রকাশ করেন। ঘটনার পর ব্যাংকের অডিট কমিটির সদস্যদের ঘিরে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার মূলে কী ছিল তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন