বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির দুই দিন পর এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের জেলখানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আঙ্গুরি খাতুন (৪৬) উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গুচ্ছ গ্রামের লাল মিয়ার স্ত্রী। তিনি পেশায় একজন দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যমুনা নদী পাড়ের হতদরিদ্র অনেক পরিবারের নারী-পুরুষ চরের জমিতে কৃষি মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ সব শ্রমিকরা প্রতিদিন সকালে ইঞ্জিত চালিত নৌকায় যমুনা নদী পার হয়ে চরে গিয়ে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। তারই ধারাবাহিকতায় ২১ মে সকাল ১০ টার দিকে যমুনা নদীর বানিয়াজান ঘাট এলাকায় থেকে ৯ জন নারী শ্রমিক নৌকায় চড়ে উজান মিয়া খোলা চরের দিকে রওয়ানা হন। যাত্রী বোঝাই নোকাটি নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ করেই ঝড়ে ডুবে যায়। এ সময় তাৎক্ষণিকভাবে নৌকার চালক ও ৮ নারী শ্রমিককে উদ্ধার করা গেলেও আঙ্গুরি খাতুনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আঙ্গুরি খাতুনের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, খবর পেয়ে নারী শ্রমিকের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। তার পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

