ছুটি ছাড়াই দেড় মাস বিদেশে থাকেন কলেজ লাইব্রেরিয়ান!

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

ছুটি ছাড়াই দেড় মাস বিদেশে থাকেন কলেজ লাইব্রেরিয়ান!

নওগাঁর পোরশা সরকারি কলেজের সহকারী লাইব্রেরিয়ান শাহ কাওছার কামাল চৌধুরী ছুটি নেয়া ছাড়াই প্রতিবছর বিদেশে গিয়ে দেড় মাস ছুটি কাটান। এ বছরও তিনি ছুটি কাটাতে চলে গেছেন ইতোমধ্যে। তার বিদেশে যাওয়ার তিন সপ্তাহ পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

জানা গেছে, কাওছার কামাল দীর্ঘদিন ধরে আমদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং আমদা হজ গ্রুপের প্রতিনিধি হিসেবে বাণিজ্য করেন।

প্রতিবছর তিনি হজযাত্রী সংগ্রহ করে সৌদি আরবে নিয়ে যান। সেখানে তিনি প্রায় দেড় মাস অবস্থান করেন কলেজের অধ্যক্ষকে ম্যানেজ করে।

কাওছার কামালের ছোট ভাই শাহ সুফি কামাল চৌধুরী জানান, তার বড় ভাই ১২ বছর ধরে হজ কাফেলার সাথে যুক্ত আছেন। প্রতি বছর ছুটি ছাড়াই এভাবে দেশের বাইরে যান। ২৮ মে হাজিদের নিয়ে সৌদি আরবে গেছেন তিনি।

সৌদি আরবে থাকায় এ ব্যাপারে লাইব্রেরিয়ান কাওছার কামালের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, এ বছর তাকে ১ ও ২ জুন দুই দিনের ছুটি দেয়া হয়েছে। যেহেতু তিনি দেশের বাইরে, তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে আমার করার কিছুই নেই। ব্যবস্থা নিতে পারে একমাত্র মাউশি অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শাহজাহান বলেন, বিষয়টি সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন