শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ বিষয়ে তারা বক্তব্য তুলে ধরেন।
গতকাল রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দিয়ে ইন্টার্ন চিকিৎসকরা জানান, ঘটনার সময় সম্পূর্ণ ফ্লোরে মাত্র একজন আনসার সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’র অভিযোগ এনে রোগীর স্বজনেরা কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে উত্তেজিত বাক্যবিতণ্ডায় লিপ্ত হন। স্বজনরা মারমুখি রূপ ধারণ করলে অন্য ইন্টার্ন চিকিৎসকরা ছুটে আসেন এবং সংঘর্ষের সৃষ্টি হয়। রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের এই সংঘর্ষের মুখে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় সেই একক আনসার সদস্য পরিস্থিতি সামাল দিতে চরমভাবে ব্যর্থ হন।
সংবাদ সম্মেলনে অন্য এক ইন্টার্ন চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলায় যারা সরাসরি জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
হাসপাতালে নিরাপত্তাহীনতার তীব্র ক্ষোভ প্রকাশ করে চিকিৎসকেরা আরো জানান, কর্মক্ষেত্রে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আপাতত কোনো ধরনের ডিউটিতে ফিরবেন না।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

