সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন—বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের মৃত দেলবার প্রামাণিকের ছেলে জেলহক (৫২) এবং তার ছেলে মো. নাসির (২৮)।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, ‘আমাদের কাছে ৯৯৯-এ ফোন কল আসে। এর মাধ্যমে জানতে পারি, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ দুজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুর ইসলাম ও মামলার বাদী এসআই আইনুল হকসহ পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

