উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ । নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা এবং পান্তা ভাত খাওয়ার আয়োজন। পান্তা ভাত, ইলিশ ও ভর্তার সমাহারে আয়োজিত এ পর্বে অংশগ্রহণকারীরা বাঙালির চিরায়ত খাদ্যসংস্কৃতির স্বাদ উপভোগ করেন, যা অনুষ্ঠানে যোগ করে বাড়তি মাত্রা।
মেলায় স্থানীয় বিভিন্ন স্টলে গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য ও খাবারের সমাহার দর্শনার্থীদের আকৃষ্ট করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমগ্র আয়োজন ঘিরে নতুন বছরকে বরণ করে নিতে রায়গঞ্জে সৃষ্টি হয় আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

