পাবনায় নকল ইঞ্জেকশনে কলেজছাত্রীর মৃত্যু, ফার্মেসিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনায় নকল ইঞ্জেকশনে কলেজছাত্রীর মৃত্যু, ফার্মেসিকে জরিমানা
কলেজছাত্রী রিপা

পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে নকল ইঞ্জেকশনে নিভে গেলো কলেজছাত্রী রিপার প্রাণ। এ ঘটনায় স্কয়ার ওষুধ কোম্পানির নামে নকল ইঞ্জেকশন বিক্রির অপরাধে সাঁথিয়ার কাশিনাথপুরে কাওসার ফার্মেসির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মারা যাওয়া রিপা (২৩) সুজানগর উপজেলার দুলাই গ্রামের আ. রহমানের মেয়ে। এডওয়ার্ড কলেজে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

জানা যায়, কলেজছাত্রী রিপা অসুস্থ হয়ে পড়লে তার টাইফয়েড ধরা পড়ে। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডাক্তার ইলিয়াস হোসেন রিপাকে স্কয়ার কোম্পানির সেফট্রোন ইঞ্জেকশন ২ গ্রাম আইভি পুশ করার পরামর্শ দেন। তার কথা মতো রিপাকে দুলাই বাজারের মেডিসিন পয়েন্ট থেকে ইঞ্জেকশন কিনে (ব্যাচ নম্বর ছিল ৭ ডিজিটের) পুশ করা হয়। ২১ মে সকালে পুনরায় একই ইঞ্জেকশন পুশ করলে রিপা কিছুক্ষণের মধ্যে মারা যান। পরের ইঞ্জেকশনটির ব্যাচ নম্বরে (৮ ডিজিটের) গরমিল পাওয়া যায়। স্কয়ারের ওষুধ হয় ৭ ডিজিডের। ওই ইঞ্জেকশনটি স্কয়ার কোম্পানির এসআর হাবিবুর রহমান সরকারের কাছ থেকে কেনা হয়। হাবিবুর রহমান কাশিনাথপুরের কাওসার ফার্মাসি থেকে এটি এনে দেন বলে মেডিসিন পয়েন্টের বিক্রয় প্রতিনিধি মৃদুল জানান।

এদিকে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনা স্কয়ার কোম্পানিকে জানালে তারা ২২ মে পাবনার ড্রাগ সুপারকে বিষয়টি অবগত করেন। ড্রাগ সুপার রোকনুজ্জামান ওই দিনই বিষয়টি সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী র্কমর্কতা রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাওসার ফার্মেসির মালিক মোস্তফাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে কলেজছাত্রীর চাচা ইমরান খান জানান, ভ্রাম্যমান আদালতের জরিমানায় আমরা নিরাশ হয়েছি। কাওসার ফার্মেসি মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে। আমরা তার ব্যবসা বন্ধের দাবি জানাই।

এ ব্যাপারে স্কয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা রেজাউল করিম জানান, পুশ করা ইঞ্জেকশনটি স্কয়ারের নয়। ওষুধটি নকল।

সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মবর্তা রিজু তামান্না জানান, অভিযোগ পাওয়ার পর কাওসার ফার্মাসিতে অভিযান চালাই। তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটি ভ্রাম্যমাণ আদালত আইনে সর্বোচ্চ জরিমানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন