আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। জেলার তিনটি সংসদীয় আসনে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তফসিল অনুযায়ী সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সব বয়সী ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ বিরাজ করছে।

নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি চোখে পড়েছে, ফলে ভোটারদের মাঝে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

ভোট দিতে আসা আসাদুজ্জামান নূর নামে এক ভোটার জানান, “সকালে এসে সুন্দরভাবে ভোট দিতে পারলাম। কোনো ঝামেলা নেই। ভালো লাগছে। সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পরিবেশ খুবই ভালো।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় ৫১৫ টি কেন্দ্রে ভোট গ্রহন হচ্ছে।

জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন