সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে উজ্জ্বল হোসেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল করীম শাহীন এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অপর আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১৭ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা হাটিকুমরুল-বনপড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করেন। একটি ট্যাংকলরি থামিয়ে তল্লাশি চালিয়ে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয় এবং মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রুবেল ও উজ্জ্বল নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন