নাটোরে পুলিশ সদস্য ও তার স্ত্রী আটক

নাটোরে পুলিশ সদস্য ও তার স্ত্রী আটক

নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য ও তার স্ত্রীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বায়েজিদ (৭) নামের এক শিশুর ডান হাতের আঙুল কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাসরিনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নাটোর সদর থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড় হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ওই পুলিশ দম্পতিকে আটক করা হয়।

পরে শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আহত বায়েজিদ (৭) নাটোর পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং হরিশপুর চেয়ারম্যানপাড়া মহল্লার ব্যাংকার মাহমুদুল হাসানের ছেলে।

মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ কনস্টেবল মো. শাকিল (৩৮) এবং তার স্ত্রী মোসা. নাসরিন (৩২)। তারা নাটোর শহরের বড় হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকার বাদীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন।

এজাহারে বলা হয়, বুধবার সন্ধ্যায় বাড়িতে ভাড়াটিয়াদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়। পিকনিক চলাকালে অভিযুক্ত দম্পতির মেয়ে ইবনাতের(৫) সঙ্গে বায়েজিদের (৭) ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি উভয় পরিবারের সদস্যরা মীমাংসা করে দেন। কিন্তু ওই ঘটনার জের ধরে পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী বায়োজিদকে ধরে নিয়ে বটি দিয়ে আঙুল কেটে দেন। এতে আঙুলটি হাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শিশুটি গুরুতর আহত হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মামলার পরপরই বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন