ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত
আনোয়ার হোসেন

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আনোয়ার হোসেন (৪৫) ব্র্যাকের দাশুড়িয়া শাখায় সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসসিডিও) ছিলেন। তিনি রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দাশুড়িয়ায় তার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হন। সকাল সাড়ে ৭টার দিকে মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ওই যানবাহনের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্র্যাকের দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শামিম উদ্দিন জানান, আনোয়ার হোসেন অত্যন্ত দায়িত্বশীল ও কর্মঠ কর্মকর্তা ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও মোটরসাইকেলে করে কর্মস্থলে আসছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে।

পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যানবাহনটি শনাক্ত ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন