বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামিল শেখ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে একটি ফুটবল ম্যাচ চলাকালে খেলার একপর্যায়ে গোল দেওয়াকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় জামিল শেখ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শাকিল নামে এক খেলোয়াড় তাকে পেটে লাথিসহ এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে সে মাটিতে লুটিয়ে পড়। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানায়।
নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘খেলাধুলাকে কেন্দ্র করে এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি নিহত জামিল শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

