২৩ বছর পর

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

 জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: আমার দেশ

জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতে ২৩ বছর আগের একটি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আদালত মোজাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি দিলীপের স্ত্রী তার স্বামী ও পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে মোজাম দিলীপকে মারধর করেন। ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে আসামি পূর্বপরিকল্পনা অনুযায়ী এক সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে দিলীপ ঘরে ফিরে এলে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের পাশের বাঁশবাগানে ঝুলিয়ে রাখেন আসামিরা।

পরের দিন সকালে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশি তদন্তে হত্যার সত্যতা বেরিয়ে আসে। এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন এসআই জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত সোমবার এ রায় দেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন