ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সারা বাংলাদেশে আজকে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে তা শহিদ জিয়ার দেখানো। আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো। সেই মাটিতে চাষ করবো এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো।
সোমবার বেলা দুটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আমাদের মনে আছে, বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কী দুর্ভিক্ষই না ছিল বাংলাদেশে। খাদ্য নেই, বাংলাদেশের মানুষ নিঃস্ব, কঙ্কালসার শরীর। অথচ তখন লোকসংখ্যা ছিল সাত কোটির মতো। শহিদ জিয়া ক্ষমতায় এসে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। সারা দেশে খাল খননের মাধ্যমে তিনি এক ফসলি জমিকে তিন ফসলি করেছেন। এভাবে সাতাত্তর-আটাত্তর সালে তিনি বাংলাদেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।
এ সময় মন্ত্রী, তার ছাত্র জীবনে রাজশাহীতে জিয়াউর রহমানের খাল কাটতে আসার কথা স্মরণ করেন এবং ওই খাল খননের মাধ্যমে জনগণ উদ্বুদ্ধ হওয়ায় তখন এ এলাকায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল বলে মন্তব্য করেন।
গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রতœ, উপজেলা সহকারী কমিশনার ভূমিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যম-কর্মী এবং বিপুল-সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

