নওগাঁ বিশ্ববদ্যালয়ের অবকাঠামো নিয়ে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ বিশ্ববদ্যালয়ের অবকাঠামো নিয়ে মতবিনিময় সভা
ছবি: আমার দেশ

সংসদে বিল পাসের মধ্য দিয়ে ২০২৩ সালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁবাসীর বহুল কাঙ্খিত বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা নির্বাচন ও জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নির্বাচিত সেই স্থানে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, প্রশাসনিক, অ্যাকাডেমিক, ছাত্রাবাস, রাস্তা, চত্বরসহ বিভিন্ন ভৌত অবকাঠামো কেমন হবে সেই কর্মপরিকল্পনা তৈরি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো মহাপরিকল্পনা এবং একাডেমিক মহাপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিল্পনার ধারণা তুলে ধরে পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট লিমিটেড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৫০ বছরের জন্য নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন মহাপরিকল্পনার সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের ধারণাপত্র তৈরির কাজ করছে পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট লিমিটেড।

প্রকল্পটির অনুমোদিত বাস্তবায়ন মেয়াদকাল জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত।মতবিনিময় সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক খন্দকার শাহরিয়ার রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এনামুল হক, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই জাহান, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ।

মতবিনিময় সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ওই সব প্রকল্প। প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৯ কোটি টাকা।

সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত। তবে প্রস্তাবিত অনুমোদিত প্রকল্প অনুমোদন নির্ভর করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের ধারণাপত্রের ওপর।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনা তৈরি করছে দেশের সুনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালটেন্ট লিমিটেড। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি উন্নয়ন মহাপরিকল্পনা তৈরির কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন করেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য যে উন্নয়ন মহাপরিকল্পনা করা হবে সেখানে কী কী সংযোজন ও বিয়োজন করা যেতে পারে সেই জন্য আজকের এই মতবিনিময় সভা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন