পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ গুরুতর আহত হয়েছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুই-তিন দিন আগে ইন্দ্রজিতের বাড়িতে বেড়াতে যান আব্দুল আজিজ। শুক্রবার রাতে মোটরসাইকেলে করে ভাঙ্গুড়ায় ফেরার পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। পরে ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, কোনো অভিযোগ না থাকায় রাতেই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলটির পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

