বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাষিড়া গ্রামে মাদকসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি খোরশেদ আলম (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা-সংলগ্ন এলাকায় মাদক নিয়ে বিরোধের একপর্যায়ে কয়েকজন মাদকসেবী খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভগ্নিপতি রঞ্জু মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রঞ্জু মিয়া ও খোরশেদ আলমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত খোরশেদের চিকিৎসা চলছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, আহত খোরশেদ আলম পুলিশের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

