ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম, ছেলে তানজিল ও মেয়ে বুশরাকে নিয়ে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা সুগার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন মারা যান।

পাকশী হাইওয়ে থানার ওসি মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনি ট্রাক ও চালক নাইম হোসেনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন