বগুড়ায় বিচারক মনিরুজ্জামানের পোস্টিং বাতিলের দাবি আইনজীবী সমিতির

বগুড়ায় বিচারক মনিরুজ্জামানের পোস্টিং বাতিলের দাবি আইনজীবী সমিতির
ছবি: আমার দেশ

বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে মো. মনিরুজ্জামানকে পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে অন্যত্র বদলির দাবি জানিয়েছে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি। এ দাবিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. রেজাউর রহমান।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে মো. মনিরুজ্জামান বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তাকে আওয়ামী লীগপন্থি ও মদদপুষ্ট বিচারক হিসেবে উল্লেখ করে বগুড়া জজশিপের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আন্দোলন করেছিলেন বলে দাবি করা হয়। ওই আন্দোলনের পর ২০২৪ সালের আগস্টে তাকে বগুড়া থেকে প্রত্যাহার করা হয়।

আইনজীবী সমিতির বক্তব্য অনুযায়ী, পরবর্তীতে তাকে অবসরে পাঠানো হলেও আবার বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং দেওয়ার বিষয়টি সামনে আসে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মনিরুজ্জামানকে বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং না দেওয়ার জন্য রিভিউ আবেদন করা হয়। পরে ৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে আবেদন পাঠানো হয়। তবে ১৭ সেপ্টেম্বর তাকে বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং দেওয়ার প্রজ্ঞাপন জারি হওয়ায় আইনজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়।

বক্তব্যে বলা হয়, বিষয়টি পুনর্বিবেচনা করে মো. মনিরুজ্জামানের পোস্টিং বাতিল এবং তার পরিবর্তে অন্য কোনো নিরপেক্ষ বিচারককে বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পদায়নের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বগুড়া আদালতের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন