নাটোরের নলডাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। নিহত ব্যক্তি সিএনজির যাত্রী মো. নজরুল ইসলাম (৬০)। তিনি উপজেলার বীরকুটসা উত্তরপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাসুদেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বিকেলে সেনাবাহিনীর একটি গাড়ি নাটোর থেকে নলডাঙ্গা আর্মি ক্যাম্পে ফেরার পথে বাসুদেবপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিনজন যাত্রী আহত হন।
গুরুতর আহত মো. নজরুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্য দুই আহত যাত্রীকে উদ্ধার করে নলডাঙ্গা প্রাইভেট হাসপাতাল (বিসমিল্লা হাসপাতাল)-এ ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।
দুর্ঘটনায় উভয় গাড়ির সামনের অংশে সামান্য ক্ষতি হয় এবং সিএনজির সামনের কাঁচ সম্পূর্ণ ভেঙে যায়। জানা গেছে, সিএনজির যাত্রীরা চিকিৎসার উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

