সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) উপলক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।
এর আগে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকাল পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ ও যুগের কথা পত্রিকার কামারখন্দ প্রতিনিধি মো. রাইসুল ইসলাম রিপন এবং সাংগঠনিক সম্পাদক পদে তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পরবর্তীতে রোববার আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক কলম সৈনিকের কামারখন্দ প্রতিনিধি মো. ইয়াছিন কবির, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর-প্রচার ও অর্থ সম্পাদক হিসেবে ঢাকা পোস্টের সিরাজগঞ্জ প্রতিনিধি মো. নাজমুল হাসান এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দৈনিক সকালের সময়ের কামারখন্দ প্রতিনিধি মো. শহীদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দৈনিক যমুনা প্রবাহের কামারখন্দ প্রতিনিধি গোলাম কিবরিয়া এবং নয়া দিগন্তের কলামিস্ট এম এ আব্দুস সবুরকে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

