শিক্ষা নিয়ে অতীতের সব তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ করা হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এখন থেকে না পড়ে আর কেউ পাস করতে পারবে না।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে অভিযোগ করে হুইপ দুলু বলেন, কোনো দেশকে পিছিয়ে ফেলতে বা ধ্বংস করে দিতে হলে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়। বিগত আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে সেই কাজটিই করছিল। তাদের আমলে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা না লিখে সাদা কাগজ জমা দিয়ে এলেও জিপিএ-৫ কিংবা সামান্য লিখলেই গোল্ডেন জিপিএ-৫ পেত।
শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এর কোনো বিকল্প নেই।
দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে দুলু বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় এবং কোনো ধরনের সন্ত্রাস বা অরাজকতায় বিশ্বাস করে না। তবে একটি মহল পাশের দেশে বসে নানা উসিলায় আমাদের দেশকে অশান্ত করে ফায়দা লুটতে চায়। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে হুইপ দুলু বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্ম ও মতের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব ও ঐতিহ্য নির্দ্বিধায় পালন করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ঝাউতলা মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় সুধীজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

