বগুড়া ইউএনওর বিদায় অনুষ্ঠানে জুলাই বিপ্লব হত্যা মামলার আসামি

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া ইউএনওর বিদায় অনুষ্ঠানে জুলাই বিপ্লব 
হত্যা মামলার আসামি

বগুড়ায় সদর উপজেলার ইউএনও ফিরোজা পারভীনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লব হত্যা মামলার আসামি। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম। রোববার রাতে উপজেলা পরিষদের গ্রাউন্ডে হওয়া বিদায় অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সহিদুলের উপস্থিতি দেখে অবাক হয়েছেন আমন্ত্রিত অতিথিরা।

জানা গেছে, জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগ সরকারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের ডান হাতখ্যাত সহিদুল এখনো প্রকাশ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। অথচ এ উপজেলা চেয়ারম্যান কে গত ১০দিন আগে পুলিশ স্ত্রীসহ ঢাকা থেকে গ্রেফতার কোর্টে চালান দেয়। পুলিশের খাতায় পলাতক এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বক্তব্য দিচ্ছেন উপজেলার বিভিন্ন আলোচনা সভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে। এদিকে পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, সহিদুল চেয়ারম্যান বিদায়ী ইউএনওকে ও নবাগত ইউএনওকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, জুলাই বিপ্লবের পর ১১ সেপ্টেম্বর/২০২৪ বগুড়া সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সহিদুল ইসলাম সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা পালিয়ে গেলেও সহিদুল বহাল তবিয়তে।

এ ব্যাপারে মতামত জানতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কল রিসিভ হয়নি, এমনকি সরকারি নাম্বারে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেননি।

বিএনপির সদর উপজেলা সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি বলেছেন, প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের পুনর্বাসিত করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন