বগুড়ার শাজাহানপুরে একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্যে এক খামারির প্রায় ২ হাজার হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতির কথা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই খামারি।
বুধবার ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল আহাদ শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পৃথক লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার ইঞ্জিনিয়ার্স কোর্স সাইট এগ্রো নামের কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য দীর্ঘদিন ধরে পাশের কৃষিজমি ও জলাশয়ে গিয়ে মিশছে। সম্প্রতি ওই জলাশয়ের পানি পান করার পর তার খামারের প্রায় ৪ হাজার হাঁসের মধ্যে একে একে প্রায় ২ হাজার হাঁস মারা যায়। এতে তার কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
আব্দুল আহাদ অভিযোগে আরও বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন, ক্ষতিপূরণ নিশ্চিত এবং পরিবেশদূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার্স কোর্স সাইট এগ্রোর ম্যানেজার মাসুম আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

