আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাবতলীতে কৃষক হত্যা, গ্রেপ্তার পার্থের স্বীকারোক্তি

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

গাবতলীতে কৃষক হত্যা, গ্রেপ্তার পার্থের স্বীকারোক্তি

বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যা মামলার আসামি পার্থ সিংহ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পার্থ সিংহ কোদালের উল্টো পাশ (ঘাড়ি) দিয়ে আঘাত করে আব্দুল লতিফ আকন্দকে হত্যা করেন। হত্যার পর লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে তিনি পালিয়ে যান। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার গাবতলী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সেচ মেশিন ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত পার্থ সিংহ গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে।

উল্লেখ্য, গত রোববার একই ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দের লাশ তার সেচ মেশিন ঘরের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন