সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, ঘর নির্মাণের উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০ জন সুফলভোগীর মধ্যে মোট ৪০০ ছাগলসহ ঘর নির্মাণের প্রয়োজনীয় উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
তিনি বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

