রাজশাহীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা

রাজশাহীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা
উপস্থিত প্রতিনিধিরা। ছবি: আমার দেশ

পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে তিন সিটি করপোরেশন ও একটি পৌরসভার প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহীতে এসেছেন। তাঁদের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় আয়োজিত এ কর্মশালায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশের প্রতিনিধি সাওরি কোজিমা ও ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এএসএম রাশেদুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজ নগরীর পরিচিতি ধরে রাখতে নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলছে। তবে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, নগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের ফলে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। এ জন্য বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশসম্মত বর্জ্য অপসারণে গুরুত্ব দিতে হবে।

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, রাজশাহী নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। নগরীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সিটি করপোরেশনের ভবনগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। অন্য সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নগর ব্যবস্থাপনার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জন করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য। অর্জিত অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। একটি নগরের সফল উদ্যোগ অন্য নগরেও বাস্তবায়ন করা সম্ভব।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসী ও সংশ্লিষ্টদের সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতা ও নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান তাঁরা।

অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন। কর্মশালা সঞ্চালনা করেন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

কর্মশালায় অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কারের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...