মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে ইতালিপ্রবাসী এক বাংলাদেশির সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে । এ ঘটনায় কথিত ‘সুমাইয়া আক্তার’ আসল নাম শান্ত ইসলাম ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। শান্ত ইসলাম নিজেকে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে মেয়ের কণ্ঠে কথা বলে ওই ইতালিপ্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রতারণার অংশ হিসেবে শান্তর বাবা শহিদুল ইসলাম নিজেকে ওই প্রবাসীর ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলতেন বলে অভিযোগ রয়েছে। পরে বিভিন্ন কৌশলে ওই প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গন্দবিল গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে শান্ত ইসলাম (২০) ও তার বাবা শহিদুল ইসলামকে (৩৮) আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

