সারা দেশে ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। হাসপাতালগুলোয়ও রোগীর ভিড় বেড়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সরকার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম জোরদার করেছে।
শেরপুর প্রতিনিধি জানান, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি’Ñএ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুর শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব রোধ এবং সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগরিক সংগঠন জনউদ্যোগ আয়োজিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
উদ্বোধনের পর এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের খরমপুর মোড়, রঘুনাথ বাজার বাসস্ট্যান্ড হয়ে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু ও আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল প্রমুখ।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, এজন্য সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, ডেঙ্গু প্রতিরোধে বরিশালের বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে টঙ্গিবাড়ীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিষদ প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আনজুম সোহানিয়া।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বড়াল নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।গতকাল শনিবার পৌর সদরের লক্ষ্মীকোল বাজার-সংলগ্ন বড়াল নদীতে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার আটঘরিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আটঘরিয়া পৌরসভার আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

