বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করতে প্রায় পঞ্চাশ বছর আগে দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে এই খাল খননকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আবার নতুন করে খাল খনন শুরু করেছেন।
দুলু বলেন, এদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল এবং কৃষিই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। বাংলাদেশের মাটিতে একসময় মাত্র একটা ফসল হতো। এখন যে তিনটা ফসল উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান।
এই অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য এই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ খাল খনন অব্যাহত থাকবে। বাংলাদেশে খরার সময় এখন পানি নাই, ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ, পানি নাই হাহাকার অবস্থা। এগুলো থেকে মুক্তির জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন শুরু করেছেন।
এই খাল খননের মাধ্যমে পানিকে রিজার্ভ রেখে কৃষকের ভাগ্যকে পরিবর্তন করবে বলে আমি মনে করি। শনিবার দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,
সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
এডি/এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

