ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইন্সট্রাকটরকে মারধর

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইন্সট্রাকটরকে মারধর

পাবনার ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর নাজমুল হুদাকে মারধর করেছেন অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত রিসোর্স সেন্টারে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে , ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি অনুশীলন করছিলো। এসময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর নাজমুল হুদা সেখানে গিয়ে চিত্রাঙ্কন শেখানোর অযুহাতে তিন ছাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। বিষয়টি তখনই ওই ছাত্রীরা তাদের শিক্ষিকা ও অভিভাবকদের জানায়। পরে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে ইন্সট্রাকটর নাজমুল হুদাকে মারধর করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনায় ইন্সট্রাকটর নাজমুল তার কাছে ভুল স্বীকার করেছেন।

অভিযুক্ত ইন্সট্রাকটর নাজমুল হুদার বক্তব্য জানতে তার মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, এক ছাত্রীর অভিভাবক বিষয়টি তাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ওই ইন্সট্রাকটর সম্প্রতি অন্যত্র বদলি হয়ে গেছেন। তারপরও তিনি কি কারণে সেখানে গিয়েছিলেন তা বোধগম্য হচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন