কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান শাহিনসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী ফেরদৌস হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজেদুর রহমান শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টিরও বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা এবং কর্মী ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেপ্তার চারজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সোমবার তারা ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারে ভ্রমণে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান ও গতিপথ শনাক্ত করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের রাতেই বগুড়ায় নিয়ে আসা হয়েছে এবং মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হবে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

