আলোচিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনের তিন ইউনিয়নের নামকরণ নতুন করে ঘোষণা করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে তিনটি নবগঠিত ইউনিয়নের নতুন নাম ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
নতুন নামগুলো হলো- শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের পরিবর্তে নতুন নাম বেতগাড়ী ইউনিয়ন। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়নের পরিবর্তে নাম রাখা হয়েছে রহবল ইউনিয়ন।
রোববার সকালে নতুন নামগুলো ঘোষণা করেছেন জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান। তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত রেজল্যুশন পাস হয়। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
ডিসি তৌফিকুর বলেছেন, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।’
এর আগে ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।
এর মধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি ফেসবুকে সমালোচনার জন্ম দেয়। ঘটনাটি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘটনাকে ‘কাকতালীয়’ বলে দাবি করেন। তার ভাষ্য, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে। সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় একটি ইউনিয়নের নাম সীমান্ত এবং দূরবর্তী অবস্থানের কারণে আরেকটির নাম দিগন্ত রাখা হয়েছিল। তার দাবি, দুই সন্তানের নামে ইউনিয়নের নামকরণই যদি উদ্দেশ্য হতো, তাহলে নামের আগে 'মীর' যুক্ত করা হতো।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২১ জুন তিন ইউনিয়নের নাম বদলাতে গণশুনানির আয়োজন করে স্থানীয় প্রশাসন। ২৩ ও ২৫ জুন দুই দফায় মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পাল্টাতে হয় গণশুনানি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

