রায়গঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

রায়গঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ
ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন ফসলি আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মাটি কাটা বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বরাবর পৃথক লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর (মজুপুর) মৌজার উত্তরপাড়া এমআর দাখিল মাদ্রাসাসংলগ্ন সরকারি পাকা সড়কের পাশের তিন ফসলি জমি থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করছেন এবং পুকুর খননের কাজও চলছে।

এতে আশপাশের আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি এবং সরকারি সড়ক ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী বসতবাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

অভিযোগকারী মো. শামীম আহম্মেদ বলেন, অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলতে থাকলে সরকারি সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া অনেকের বসতভিটা ও ফসলি জমিও ঝুঁকির মধ্যে পড়বে। এতে এলাকার কৃষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি রাষ্ট্রও তিন ফসলি আবাদি জমি হারাবে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সোবাহা বলেন, তিন ফসলি জমি কেটে পুকুর খননের কারণে এলাকার কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এলে সরেজমিন তদন্ত করে দেখা হবে। তিন ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...