রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় রোববার দিবাগত রাত ১২টার পরে অভিযান পরিচালনা করে ৫ আগস্টের অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক (৭০), তার ছেলে ও যুবলীগ নেতা মানিক মিয়া (৪৫), যুবলীগ কর্মী মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও আবিদ হাসান কাওসার (৩৫)। তারা শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে র্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে রাজশাহী মহানগরীতে অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় পলাতক আসামিরা মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় অবস্থান করছে।
পরে সিপিএসসির একটি গোয়েন্দা দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেপ্তারে সক্ষম হয়। আসামিদের পরবর্তী কার্যক্রমের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

