আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ গ্রেপ্তার ৪, বহিষ্কার ২

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ গ্রেপ্তার ৪, বহিষ্কার ২

নাটোরের নলডাঙ্গা উপজেলা-য়ে বাংলাদেশ যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল করিম ব্যাপারীর ছেলে মো. আনসার ব্যাপারী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ রাতব্যাপী অভিযান চালিয়ে হজরত আলী সরদার, খাদিজা বেগম, মরিয়ম খাতুনসহ চারজনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে নারীসহ প্রায় ১০ জন আহত হন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

ঘটনার পর রাতেই নাটোর জেলা যুবদলের সভাপতি এ.এইচ.আই. তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পিপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. লিটন ও সাংগঠনিক সম্পাদক মো. আরোব আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতাদের ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন বহন করবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। জেলা যুবদলের নেতাকর্মীদেরও তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন